ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গণভোটের প্রশ্নে ভিন্নমত, সচেতনতায় ইবি ছাত্রদলের লিফলেট বিতরণ

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ১৭ মে ২০২৬   আপডেট: ১৮:৫৪, ১৭ মে ২০২৬
গণভোটের প্রশ্নে ভিন্নমত, সচেতনতায় ইবি ছাত্রদলের লিফলেট বিতরণ

জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের ‘খ’ নম্বর প্রশ্ন নিয়ে ভিন্নমত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে শাখা ছাত্রদল। সংগঠনটির দাবি, গণভোটের ‘খ’ নম্বর প্রশ্ন জুলাই সনদের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

রবিবার (১৭ মে) দুপুর পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের ঝালচত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে বটতলা ঘুরে পুনরায় ঝালচত্বর হয়ে প্রশাসন ভবনের সামনে এসে কর্মসূচি শেষ হয়।

আরো পড়ুন:

লিফলেট বিতরণ কর্মসূচিতে ছাত্রদলের নেতারা দাবি করেন, গণভোটের ‘খ’ নম্বর প্রশ্ন জুলাই সনদের ১১ ও ১৮ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে তারা এ কর্মসূচি পালন করছেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ড. ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। সেই সময় গঠিত ঐকমত্য কমিশনে জুলাই সনদের বিষয়টি উল্লেখ ছিল।”

তিনি আরো বলেন, “জুলাই সনদ অনুযায়ী বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল লিখিত প্রস্তাব জমা দিয়েছিল। গত বছরের ১৭ অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি সেই সনদে স্বাক্ষরও করে।”

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবেন, তবে যেসব বিষয়ে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, সেগুলো ব্যতীত।”

সাহেদ আহম্মেদ অভিযোগ করে বলেন, “বর্তমান সরকারের বিরুদ্ধে একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে গুজব ছড়াচ্ছে। এসব বট বাহিনীর আক্রমণ, প্রতারণা ও অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে আমরা লিফলেট বিতরণ করছি।”

কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্যসচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, আহসান হাবীব, সদস্য সাব্বির আহম্মেদ, রাফিজ আহমেদ, নূর উদ্দীন, স্বাক্ষর, রনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

ঢাকা/তানিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়