খাবারের মান যাচাইয়ে যবিপ্রবি সংলগ্ন হোটেলগুলোতে অভিযান
যবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ও আশপাশের হোটেলগুলোতে খাবারের মান ও পরিবেশ যাচাইয়ে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে এই পর্যবেক্ষণমূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কয়েকটি হোটেলের রান্নাঘরের পরিবেশ অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে হোটেল মালিকদের সতর্ক করা হয় এবং দ্রুত পরিবেশ উন্নয়নের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত মনিটরিং চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান বলেন, “সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার প্রেক্ষিতে আমরা ক্যাম্পাসসংলগ্ন দোকানগুলোতে পরিদর্শন চালাই। কিছু দোকান পরিষ্কার থাকলেও বেশ কয়েকটিতে অস্বাস্থ্যকর পরিবেশ দেখা গেছে, বিশেষ করে খাবারের পাত্রগুলো অপরিষ্কার ছিল। সংশ্লিষ্টদের সতর্ক করে কয়েকদিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উন্নতি না হলে ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
ঢাকা/ইমদাদুল/জান্নাত