ঢাকা     শনিবার   ১৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ১৬ মে ২০২৬  
রাজশাহীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

হুমায়রা জান্নাত।

রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে বাড়ির পাশের খেজুর গাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, শুক্রবার বিকেলে শিশুটি নিখোঁজ হয়। নিহতের নাম হুমায়রা জান্নাত (৪)। সে উপজেলার হাটকানপাড়া গ্রামের হাসিবুল হোসেন শান্তর মেয়ে।

আরো পড়ুন:

পরিবারের দাবি, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

হাসিবুল হোসেন শান্ত অভিযোগ করেন, “পরিকল্পিতভাবে আমার মেয়েকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। মেয়ের মুখ দিয়ে বিষের গন্ধ বের হচ্ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।”

তিনি আরো বলেন, “খেজুর গাছের নিচ থেকে যখন মেয়েকে কোলে তুলে নিই, তখন মনে হচ্ছিল তার পুরো শরীরে রক্ত জমাট বেঁধে গেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।”

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, “শিশুটির শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পেট ফোলা ছিল এবং বাম হাতে কয়েকটি ছোট ছোট জখমের চিহ্ন দেখা গেছে। শিশুটির মৃত্যু অস্বাভাবিকভাবে হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার বলেন, “নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর বাড়ির পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা সেখানে মরদেহ ফেলে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। শুক্রবার বিকেলে নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজির পরও শিশুটিকে পাওয়া যায়নি। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি।”

ঢাকা/মাহী/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়