শরীয়তপুরে চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শরীয়তপুর সদর হাসপাতালে ঢুকে চিকিৎসক নাসির ইসলামকে মারধরের ঘটনায় পালং মডেল থানায় মামলা হয়েছে।
শনিবার (১৬ মে) সন্ধ্যায় হাসপাতালের আরেক চিকিৎসক আকরাম এলাহী বাদী হয়ে মামলা করেন। পুলিশ এ ঘটনয় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে।
এর মধ্যে, পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন- সলেমান কাজী ওরফে আল-আমিন (৩০), জসীম কাজী (৪০), আব্দুল জলিল কাজী (৩২), রবিউল কাজী (৩২) ও জায়েদা বেগম (৬০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন পৌরসভার উত্তর বিলাসখান এলাকার পঞ্চাশোর্ধ লাল মিয়া কাজী। অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলাম তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে রেফার করেন। তবে, রোগীকে ঢাকায় নেওয়ার আগেই তিনি মারা যান।
এ ঘটনায় চিকিৎসক নাসিরের গাফিলতির অভিযোগ তুলে তার ওপর হামলা চালান নিহতের স্বজন ও বহিরাগতরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যান। শনিবার দুপুরে ওই চিকিৎসককে আশঙ্কাজনক অবস্থায় এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জেলা সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন বলেন, “চিকিৎসক নাসির ইসলামকে মারধরের ঘটনায় স্বাস্থ্য বিভাগ থেকে একটি মামলা করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত কারণ জানা যাবে।”
পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, “চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ঢাকা/আকাশ/রাজীব
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ৭ জুন