শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা, স্ত্রী আটক
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শরীয়তপুরের চন্দ্রপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আসমা আক্তারকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাতে শহরের পালং এলাকা থেকে তাকে আটক করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার দক্ষিণ মাহমুদ এলাকার জিয়া সরদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পিরোজপুর জেলার আসমা আক্তার। বিয়ের পর স্ত্রীকে নিয়ে শরীয়তপুর শহরের পালং এলাকায় ভাড়া বাসায় থাকতেন জিয়া সরদার। গত মঙ্গলবার (১২ মে) রাতে স্ত্রীর সঙ্গে জিয়া সরদারের কলহ হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জিয়া সরদারের মাথায় রড দিয়ে আঘাত করেন আসমা। এতে জিয়ার মৃত্যু ঘটে। এরপর মরদেহ লুকিয়ে রাখতে ছুরি দিয়ে দেহ কয়েক টুকরো করে ড্রামে ভরে রাখেন। ওইদিন সন্ধ্যায় মরদেহের কিছু অংশ বস্তায় ভরে ফেলে আসেন আটং এলাকার বৃক্ষতলায়।
পরে মরদেহের অবশিষ্ট মাংস অন্যের বাড়িতে ফ্রিজে রাখতে গেলে তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। এতে ওই বাড়িওয়ালার সন্দেহ হলে তিনি স্থানীয়দের নিয়ে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ আসমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, জরুরি সেবা নাম্বারে কল পেয়ে ওই নারীকে (আসমা) আটক করি। পরে ড্রাম খুলে বিষয়টি নিশ্চিত হলে তাকে জিজ্ঞেস করলে সে সব কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃক্ষতলা এলাকার একটি পুকুর থেকে মরদেহের মাথাসহ হাড় উদ্ধার করি। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ঢাকা/আকাশ//
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ৭ জুন