হামের বিনামূল্যে চিকিৎসার দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।
হামে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ, টিকা অব্যবস্থাপনাকারীদের বিচার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে টাঙ্গাইলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন মানববন্ধন করেছে।
রবিবার (১৭ মে) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথির সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সোহানুর রহমান, দপ্তর সম্পাদক প্রেমা সরকার,
গণসংহতি আন্দোলনের সদস্য নিলা বেগম, মো. সাইফুল ইসলাম, মিলন চন্দ্র দাস, সাধারণ শিক্ষার্থী অপূর্ব প্রমুখ।
মানববন্ধনে জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি বলেন, ‘‘সাম্প্রতিক সময়ে দেশে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পেলেও সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ও টিকার সংকট সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলো চিকিৎসা ব্যয় বহনে হিমশিম খাচ্ছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন মনে করে, জনস্বাস্থ্য সুরক্ষা রাষ্ট্রের দায়িত্ব এবং শিশুদের স্বাস্থ্য নিয়ে অব্যবস্থাপনা মেনে নেওয়া যায় না।’’
স্বাস্থ্য খাতকে বাণিজ্যিক স্বার্থের বাইরে এনে জনগণের অধিকার হিসেবে নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দেশের স্বার্থবিরোধী যেকোনো বৈষম্যমূলক আন্তর্জাতিক বাণিজ্যচুক্তি বাতিল করার দাবি জানান তিনি।
ঢাকা/কাওছার/বকুল