ভবনের বেজমেন্টে মিলল মাথাবিহীন মরদেহের ৭ টুকরো
জ্যেষ্ঠ প্রতিবেদক ও ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজধানীর মুগদা এলাকার একটি বাসার বেজমেন্ট থেকে অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন মরদেহের ৭টি টুকরো উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭ মে) মুগদা থানাধীন মান্ডা প্রথম গলির আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর বাড়ি ‘শাহনাজ ভিলা’র বেজমেন্টে থেকে মরদেহের টুকরোগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, মরদেহের খণ্ডিত অংশগুলো পলিথিনে মোড়ানো অবস্থায় ওই বাড়ির বেজমেন্টে পড়ে ছিল। পেট থেকে ভুড়ি বেরিয়ে এসেছে। তবে, অনেক খোঁজাখুঁজি করেও মাথাটি পাওয়া যায়নি। মরদেহটি পচে-গলে বিকৃত হওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় কিংবা বয়স নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানিয়েছেন, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত ছয় দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। অপরাধীরা ওই ব্যক্তিকে অন্য কোনো স্থানে হত্যা করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে লাশ টুকরো টুকরো করে পলিথিনে ভরে এই বাড়ির বেজমেন্টে ফেলে রেখে যেতে পারে। মরদেহের টুকরোগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় শনাক্ত এবং খুনিদের চিহ্নিত করতে পুলিশ ওই বাড়ির আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই করছে বলে জানিয়েছেন পুলিশ।
ঢাকা/এমআর/বুলবুল/রফিক