কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ১
গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) বেলা পৌনে ১১টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার সময় ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
আড়িখোলা রেলওয়ে স্টেশনের ইনচার্জ মো. কাইয়ুমুল ইসলাম বলেন, “ঢাকা থেকে ছেড়া আসা কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন তুমলিয়া রেলগেট অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।”
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দীন বলেন, “নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, তার নাম জব্বার হতে পারে। তিনি হকারি করতেন। তার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর বা বাজিতপুর উপজেলায় হতে পারে।”
ঢাকা/রফিক/রাজীব