ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে দুদকের মামলায় সমবায় কর্মকর্তার কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ১৭ মে ২০২৬  
রাজশাহীতে দুদকের মামলায় সমবায় কর্মকর্তার কারাদণ্ড

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাবেক উপজেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। দুদকের ফাঁদ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুটি ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম নৃপেন্দ্রনাথ দাস। তাকে ২০১৯ সালে ১৪ মে ঘুষের টাকাসহ হাতেনাতে ধরে দুদকের কর্মকর্তারা। রবিবার (১৭ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় ঘোষণা করেন।

আরো পড়ুন:

রাজশাহী জেলা সমন্বিত দুদকের সহকারী পরিচালক আমির হোসেন জানান, গোদাগাড়ী থানার ফাঁদ মামলা থেকে উদ্ভূত বিশেষ মামলায় আসামি নৃপেন্দ্রনাথ দাসের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। রায়ে আদালত দণ্ডবিধির ১৬১ ধারায় তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেন। 

একইসঙ্গে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৮ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার তথ্য-প্রমাণ ও সাক্ষ্য আদালতে সঠিকভাবে উপস্থাপিত হওয়ায় এ রায় এসেছে। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৪ মে গোদাগাড়ী পৌর সদরের সরমঙ্গলা একতা মৎস্য চাষি সমবায় সমিতির নিবন্ধনের জন্য আবেদন করেন আব্দুল বাতেন নামে এক ব্যক্তি। নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে তৎকালীন উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাস তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। এর মধ্যে আগে ৭ হাজার টাকা দেন।

পরে বিষয়টি দুদকের রাজশাহী জেলা কার্যালয়ে জানানো হলে দুদক ফাঁদ পাতে। সেদিন দুপুর ২টার দিকে উপজেলা সমবায় কার্যালয়ে বসে অবশিষ্ট ৮ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোরশেদ আলমের নেতৃত্বে ৮ সদস্যের দল নৃপেন্দ্রনাথ দাসকে হাতেনাতে আটক করে। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে মামলা করা হয়।

ঢাকা/মাহী/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়