ক্রিকেটার তিলকের সঙ্গে প্রেম করছেন শ্রীলীলা?
তিলক ভার্মা, শ্রীলীলা
ক্রিকেট তারকাদের সঙ্গে বিনোদন দুনিয়ার তারকা শিল্পীদের প্রেমের সম্পর্ক নতুন কিছু নয়। বিরাট কোহলির সঙ্গে আনুশমা শর্মা, কেএল রাহুলের সঙ্গে আথিয়া শেঠির প্রেম-বিয়ে ছাড়াও অনেক তারকা যুগল এই তালিকায় রয়েছেন। এবার গুঞ্জন উড়ছে, ভারতীয় ক্রিকেটার তিলক ভার্মার সঙ্গে প্রেম করছেন ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী শ্রীলীলা। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চায় মেতেছেন নেটিজেনরা। এরই মধ্যে নীরবতা ভাঙল অভিনেত্রীর টিম।
শ্রীলীলার টিম পিঙ্কভিলাকে বলেন, “এই খবরের কোনো ভিত্তি নেই। শ্রীলীলা-তিলক ভার্মার কখনো দেখা হয়নি, তারা কখনো কথাও বলেননি। ফলে তাদের সম্পর্ক নিয়ে যে সব কথা ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই। অনুগ্রহ করে এই ধরনের ভুয়া তথ্য প্রচার বন্ধ করুন।”
গত কয়েক মাস ধরে শ্রীলীলা-তিলকের প্রেম নিয়ে নানা কানাঘুষা চলছে। কেউ কেউ দাবি করেছিলেন, প্রায় এক বছর ধরে তারা পরস্পরকে চেনেন, সময়ের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বেড়েছে।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে দেখা যায়, মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেটার তিলক ভার্মা হোটেলের লবিতে হাঁটছেন। সেই সময় তার দলেরই সিনিয়র ক্রিকেটার সূর্যকুমার যাদব মজার ছলে তাকে কিছু বলেন। ভিডিওতে সূর্যকুমারের মন্তব্য শুনে অনেকেরই ধারণা, ইঙ্গিতপূর্ণভাবে তিলকের প্রেমজীবন নিয়ে খোঁচা দিচ্ছিলেন তিনি। মূলত, তারপরই শ্রীলীলার সঙ্গে তিলকের প্রেম নিয়ে চর্চা জোরালো হয়েছে।
২০২৫ সালে খবর চাউর হয়, বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে রয়েছেন শ্রীলীলা। গত বছরের মাঝামাঝি সময়ে এই গুঞ্জনের আগুনে ঘি ঢালেন—কার্তিক আরিয়ানের মা মালা তিওয়ারি। যদিও সময়ের সঙ্গে এই গুঞ্জনেও ভাটা পড়েছে।
অনুরাগ বসু পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয় করছেন শ্রীলীলা ও কার্তিক আরিয়ান। শোনা যাচ্ছে, সিনেমাটির নাম ‘আশিকি থ্রি’। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই নির্মাতা। তাছাড়া নাম ঠিক না হওয়া তামিল ভাষার একটি সিনেমার কাজ হাতে নিয়েছেন শ্রীলীলা। এতে ধানুশের বিপরীতে দেখা যাবে তাকে।
বলে রাখা ভালো, ২০০১ সালের ১৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। ২০২১ সালে সেখানে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে বড় পর্দায় নাম লেখান এই অভিনেত্রী। পরের গল্প সবারই জানা।
ঢাকা/শান্ত