ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সবচেয়ে বেশি সংখ্যক সিনেমায় অভিনয় করা ভারতীয় পাঁচ তারকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ১৩ মে ২০২৬   আপডেট: ০৯:১৯, ১৩ মে ২০২৬
সবচেয়ে বেশি সংখ্যক সিনেমায় অভিনয় করা ভারতীয় পাঁচ তারকা

নিজ দেশের সীমা ছাড়িয়ে গেছে ভারতীয় সিনেমা। বিশ্ব বাজারে এখন দাপটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে দেশটির চলচ্চিত্র। স্বাভাবিক কারণে দেশটিতে তৈরি হয়েছেন অসংখ্য তারকা অভিনয়শিল্পী। তবে এমন কিছু তারকা রয়েছেন, যারা ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এমন পাঁচ তারকাকে নিয়ে এই প্রতিবেদন—

সুকুমারী
ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সুকুমারী। মঞ্চনাটক, টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন। মূলত, মালায়ালাম ও তামিল ভাষার সিনেমায় কাজ করতেন। মা কিংবা দাদির চরিত্রে অভিনয় করে ভারতীয় দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যান এই অভিনেত্রী। ৬৭ বছরের ক্যারিয়ারে আড়াই হাজারের বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন সুকুমারী। ২০১৩ সালে মারা যান তিনি। 

আরো পড়ুন:

জগতি শ্রীকুমার
মালায়ালাম সিনেমার অন্যতম সেরা কৌতুক অভিনেতা জগতি শ্রীকুমার। চরিত্রাভিনেতা হিসেবে তার দারুণ খ্যাতি রয়েছে। ন্যাচারাল অভিনয় ও কমিক টাইমিং দিয়ে অসংখ্য ভক্তকে মুগ্ধ করেছেন। ৫২ বছরের ক্যারিয়ারে দেড় হাজার সিনেমায় অভিনয় করেছেন ৭৫ বছর বয়সি এই তারকা। বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছিলেন জগতি; তারপর সুস্থ হয়ে নিজ ভুবনে ফিরেন। এখনো অভিনয়ে সরব এই অভিনেতা। যদিও সংখ্যা কমিয়ে দিয়েছেন। 

মনোরমা
তামিল সিনেমার কিংবদন্তি অভিনেত্রী মনোরমা। ‘আচি’ নামেও পরিচিত তিনি। ৫৭ বছরের ক্যারিয়ারে দেড় হাজার চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনেত্রী হিসেবে সর্বাধিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও অর্জন করেন। কমেডি থেকে আবেগঘন চরিত্র—সব ধরনের ভূমিকায় ছিলেন সমান পারদর্শী। ২০১৫ সালে ৭৮ বছর বয়সে পরপারে পাড়ি জমান এই তারকা। 

ব্রহ্মানন্দম
ব্রহ্মানন্দমকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের মাঝে হাসির রোল পড়ে যাওয়া। তেলেগু সিনেমার এই অভিনেতা জনপ্রিয়তার দিক থেকে ভারতের প্রথম সারির নায়কদের তুলনায় কোনো অংশে কম নন। জীবিত অভিনেতাদের মধ্যে সর্বাধিক স্ক্রিন ক্রেডিটের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী তিনি। চার দশকের ক্যারিয়ারে ১ হাজার ১০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ৭০ বছরের ব্রহ্মানন্দম এখনো অভিনয়ে সরব। 

শক্তি কাপুর
বলিউডের দাপুটে অভিনেতা শক্তি কাপুর। খলনায়ক, কমেডি—দুই ধরনের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। ৫২ বছরের ক্যারিয়ারে ৭০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে হিন্দি সিনেমায় নিজের আলাদা অবস্থান তৈরি করেন। তার কমেডি চরিত্রগুলো আজও দর্শকদের মনে গেঁথে আছে। ৭৩ বছর বয়সেও অভিনয়ে সরব এই তারকা। 

কেন তারা কিংবদন্তি
এসব তারকারা শুধু সবচেয়ে বেশি সংখ্যক চলচ্চিত্রেই অভিনয় করেননি, বরং তারা সাধারণ মানুষের জীবনের অংশ হয়ে উঠেছেন। তাদের নিষ্ঠা, ধারাবাহিকতা এবং অবিস্মরণীয় অভিনয় ভারতীয় সিনেমাকে বর্তমান অবস্থানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের রেকর্ড ও উত্তরাধিকার বহু বছর নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়