সেই ইসমাইল পেলেন কৃত্রিম পা ও অটোরিকশা
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উপহারের অটোরিকশা ও কৃত্রিম পা পেয়ে উচ্ছ্বসিত ইসমাইল তালুকদার।
ট্রাকচাপায় এক পা হারানো পটুয়াখালী কলাপাড়া উপজেলার ইটবাড়িয়া গ্রামের ইসমাইল তালুকদারকে জীবিকা নির্বাহের জন্য অটোরিকশা দেওয়া হয়েছে। পাঠকপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম-এ গত ৭ এপ্রিল ‘কৃত্রিম পায়ের আশায় ইসমাইল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংগঠন ডু সামথিং ফাউন্ডেশনের সহযোগিতায় তাকে অটোরিকশা দেওয়া হয়।
এক সপ্তাহ আগে সমাজসেবা অধিদপ্তর থেকে ইসমাইলকে একটি কৃত্রিম পা উপহার দেওয়া হয়েছিল। অটোরিকশা ও কৃত্রিম পা পেয়ে উচ্ছ্বসিত জীবনযুদ্ধে হার না মানা এই ব্যক্তি বলেন, “আজ আমি অনেক খুশি। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
ইসমাইল তালুকদার বলেন, “আমি ট্রাক চালকের সহকারী হিসেবে কাজ করতাম। প্রায় সাত বছর আগে সড়কের পাশে ট্রাক সরানোর সংকেত দিতে গিয়ে ট্রাকের চাকা আমার ডান পায়ের ওপর উঠে যায়। এতে আমি গুরুতর আহত হই এবং অস্ত্রোপচারের মাধ্যমে পা কেটে ফেলতে হয়।”
তিনি বলেন, “চিকিৎসার খরচ চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ে আমার পুরো পরিবার। দীর্ঘদিন আয় বন্ধ থাকায় তিন বছর আগে আমর স্ত্রী টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। পরে ক্রাচে ভর দিয়ে এক পায়ের সাহায্যে ভাড়ায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতে শুরু করি। একটি পা না থাকায় প্রতিদিন চরম কষ্ট পোহাতে হয়েছে।”
ইসমাইল বলেন, “আমাকে নিয়ে প্রথম রাইজিংবিডি ডটকম এবং পরো আরো কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করে। পরে আমার সঙ্গে সমাজ সেবা অধিদপ্তর যোগাযোগ করে ঢাকায় নিয়ে গিয়ে একটি কৃত্রিম পা উপহার দেয়। আজ মঙ্গলবার ডু সামথিং থেকে অটোরিকশা পেলাম।”
ডু সামথিং ফাউন্ডেশনের ভলান্টিয়ার জাহিদুল ইসলাম বলেন, “গণমাধ্যমে ইসমাইলের বিষয় জানতে পেরে ডু সামথিং ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে একটি অটোরিকশা দেওয়া করেছে। আমরা আশা করছি, এটি তার সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনবে।”
কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু বলেন, “আমরা ইসমাইলের বিষয়টি সামাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শহিদুল ইসলামের দৃষ্টিগোচরে এনেছি। পরে তার সহযোগিতায় সামাজসেবা অধিদপ্তরের অর্থায়নে ইসমাইলকে একটি কৃত্রিম পা দেওয়া হয়। আজ ডু সামথিং ফাউন্ডেশন একটি রিকশা তাকে উপহার দিয়েছে। আশা করছি, তিনি নিজের আয় দিয়ে পরিবার চালাতে পারবেন।”
ইসমাইলের কাছে অটোরিকশা হস্তান্তরের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু ও ডু সামথিং ফাউন্ডেশনের ভলান্টিয়ার জাহিদুল ইসলাম।
ঢাকা/ইমরান/মাসুদ
মমেকে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু