বাকিতে পণ্য না দেওয়ায় শ্রীপুরে সংঘর্ষ, গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি
গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের শ্রীপুরে বাকিতে দোকানের মালামাল না দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় তিন রাউন্ড গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে। হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজী কাছম আলী ফকির সুপার মার্কেটের ‘নিউ জামালপুর গ্লাস এন্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মার্কেটের মালিক হাজী কাছম আলী ফকিরের ছেলে কামাল ফকির, তার ভাগিনা সিয়াম, দোকানের ব্যবস্থাপক শাহিন এবং কর্মচারী শান্ত ও শ্যামল।
অভিযুক্তরা হলেন কেওয়া গ্রামের নুরু কসাইয়ের ছেলে রানা ভান্ডারি (৪০) ও তার ছোট ভাই মামুন (৩০)।
দোকান মালিক ফয়সাল আহমেদ জানান, রানা ভান্ডারি বিভিন্ন সময় তার দোকান থেকে থাই গ্লাসসহ বিভিন্ন ধরনের মালামাল কিনতেন। আগেরও কিছু টাকা বাকি ছিল। গত ৯ মে তিনি ৭২ হাজার টাকার থাই মালামাল ক্রয়ের জন্য দোকানে এসে ৩০ হাজার টাকা নগদ পরিশোধ করেন। বাকি ৪২ হাজার টাকা মঙ্গলবার পরিশোধ করে মালামাল নেওয়ার কথা ছিল।
তিনি আরো জানান, মঙ্গলবার বিকেলে রানা ভান্ডারি থাই গ্লাস নিতে এলে বাকি টাকা চাইলে তিনি উত্তেজিত হয়ে দোকানের কর্মচারীকে মারধর করেন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।
অভিযোগ রয়েছে, পরে রাত ৮টার দিকে রানা ভান্ডারি ও তার ভাই মামুনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় বাধা দিতে গেলে কামাল ফকির, সিয়াম, শাহিন, শান্ত ও শ্যামল আহত হন।
এসময় দোকান মালিক ফয়সাল আহমেদকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেন তিনি। তবে গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/রফিক সরকার/ইভা
মমেকে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু