ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে ব্যাপক ভোগান্তি

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ১২ মে ২০২৬  
হবিগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে ব্যাপক ভোগান্তি

সিলেট বিভাগের অন্য জেলাগুলোর সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বাস যোগাযোগ বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ বাস মালিক সমিতি। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি রুটে ধর্মঘট পালিত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

দুই বছর ধরে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচল নিয়ে সংশ্লিষ্ট জেলাগুলোর বাস মালিক সমিতির মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে একাধিকবার সংঘর্ষ ও বাস ধর্মঘট পালন করা হয়েছে। 

সর্বশেষ গত রবিবার (১০ মে) শেরপুর সেতু এলাকায় মৌলভীবাজারের শ্রমিকরা প্রবেশপথ বন্ধ করে দিলে পাল্টা হিসেবে টোল প্লাজা এলাকায় বাস আটকে দেন হবিগঞ্জের শ্রমিকরা।

এতে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কয়েকটি বাস ভাঙচুর করা হয়। প্রায় চার ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত ছিল। সোমবার সারাদিন বন্ধ ছিল বাস চলাচল।

হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানিয়েছেন, হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে। তাদের ১০৮টি বাস বন্ধ থাকায় কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। প্রতিদিন প্রায় ২০ লাখ টাকা লোকসানের আশঙ্কা করছেন তারা।

এদিকে, সংকট নিরসনে জেলা প্রশাসন ও পরিবহন নেতাদের মধ্যে একাধিক বৈঠক হলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো সমাধান হয়নি।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানিয়েছেন, বিভিন্ন জেলার শ্রমিকদের বিরোধের কারণে প্রায়ই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়