বালু উত্তোলন বন্ধের অভিযানে হামলা, ইউএনওসহ আহত ১০
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে স্থানীয় জনগণের হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) বিকেল আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে রামগড় ইউনিয়নের পূর্ব বলিপাড়া এলাকায় এ হামলা হয়।
গোপন সংবাদ পেয়ে অবৈধভাবে বালু উত্তোললের স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। এ সময় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলমের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৬-৭টি শ্যালো মেশিন ও বালু পরিবহনের পাইপ ধ্বংস করেন। তবে, স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলনের পাশাপাশি কয়েকজন কৃষকের জমিতে পানি দেওয়ার জন্য ব্যবহৃত শ্যালো মেশিন ও পাইপও ভাঙচুর করা হয়েছে। এতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালতের লোকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ জনতার ছোড়া ইট-পাটকেলে ইউএনও কাজী শামীমসহ অভিযানে যাওয়া ৬ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা শটগান থেকে ৫-৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেন। এতে স্থানীয় ৪ ব্যক্তি আহত হন।
স্থানীয়দের হামলায় আহত হন ইউএনও কাজী শামীম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওহাব জুয়েল, আনসার সদস্য মো. নুর মোহাম্মদ, উপজেলা প্রশাসনের কর্মচারী মো. জয়নাল আবেদীন, ইউএনওর গাড়িচালক মো. কামাল হোসেন এবং এপিসি মো. সালাউদ্দিন। স্থানীয়দের মধ্যে আহত হন মো. আজাদ, সুমন, নূর হোসেন ও আবুল হাশেম।
আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আহতদের কারোর অবস্থা আশঙ্কাজনক নয়।
আহত আবুল হাশেম জানান, সেচ মেশিন, পাইপসহ যন্ত্রপাতি নষ্ট করায় সকলে মিলে প্রতিবাদ জানাতে গেলে আনসার সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিতে তারা আহত হয়েছেন।
তবে, এ বিষয়ে সাংবাদিকদের কিছুই জানাননি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।
রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়েরের পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আহতদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।
ঢাকা/রূপায়ন/রফিক
লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ২ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার