মমেকে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ময়মনসিংহে থামছে না হামে আক্রান্ত ও মৃত্যু। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই রোগের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। ফলে হাসপাতালে ৩১ শিশুর মৃত্যু হলো।
বুধবার (১৩ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, “মারা যাওয়া ২ ছেলে শিশুর মধ্যে একজনের বয়স ১০ মাস। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। গত ৫ মে সকালে তাকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। অপরা শিশুটির বয়স ৩ মাস। বাড়ি জামালপুর সদর উপজেলায়। তাকে গত ১১মে বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়।”
তিনি জানান, মারা যাওয়া শিশুরা নিউমোনিয়ায়তেও আক্রান্ত ছিল।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ২৩ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২১ শিশু। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন আছে ৯৬ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এখন পর্যন্ত ১২৯৩ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১৬৬ শিশু।
চিকিৎসকরা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে।
ঢাকা/মিলন/মাসুদ
মমেকে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু