গুরুতর আহত রাহুল দেব
রাহুল দেব
শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতীয় সিনেমার দাপুটে খলনায়ক রাহুল দেব। গত এপ্রিল মাসের শেষের দিকে একটি বিজ্ঞাপনের শুটিং সেটে এ দুর্ঘটনা ঘটে। এখন পুরোপুরি বিশ্রামে রয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে রাহুল দেব বলেন, “গত ২২ এপ্রিল, গোয়ায় একটি ফিটনেস পণ্যের বিজ্ঞাপনের শুটিং করছিলাম। একটি দৃশ্যে আমাকে লাফ দিতে হয়েছিল। কিন্তু দৃশ্যটি করার সময় যখন লাফ দিই, তখন নিচের কুশন সরে যায়; ফলে আমার বাম গোড়ালির একটু ওপরে মচকে যায়। দু’দিন পরে এক্স-রে করার পর দেখা যায়, আমার বাঁ পায়ের ডিস্টাল ফিবুলা হাড়ে ফ্র্যাকচার হয়েছে।”
২১ দিন প্লাস্টার রাখতে হবে রাহুল দেবের। এ বিষয়ে তিনি বলেন, “প্লাস্টার করা হয়েছে। পুরোপুরি সেরে উঠতে তিন সপ্তাহ প্লাস্টার রাখতে বলেছেন চিকিৎসক। ভালো বিষয় হলো, আমি দৃশ্যটি এবং পুরো বিজ্ঞাপনটির শুটিং শেষ করতে পেরেছি।”
ধীরে ধীরে রাহুল সুস্থ হয়ে উঠছেন রাহুল। তারপরও পুরোপুরি ফিটনেস রুটিন বন্ধ করেননি। এই সময়ে শারীরিক ও মানসিকভাবে কীভাবে নিজেকে সামলে নিচ্ছেন, তা জানতে চাইলে এই তারকা বলেন, “আমি আমার প্রিয় গুরু মাস্টার শ্রী তারনেইভজির প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তার আশীর্বাদেই আমার শরীর এত ভালোভাবে সাড়া দিচ্ছে বলে আমি মনে করি। তার কৃপায় আমি একদিনও বাদ না দিয়ে শরীরের উপরের অংশের ট্রেইনিং চালিয়ে যাচ্ছি। তবে চলাফেরার জন্য ওয়াকার ব্যবহার করছি।”
রাহুল দেবের পার্টনার মুগ্ধ গোডসে অভিনেতার পাশে রয়েছেন। তা জানিয়ে তিনি বলেন, “সেরে ওঠার এই সময়ে মুগ্ধ আমাকে ভীষণভাবে সহযোগিতা করছে, সবসময় পাশে রয়েছে। আশা করছি, দুই সপ্তাহের মধ্যে আবার স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারব এবং শুটিংয়ে ফিরতে পারব।”
রিনার সঙ্গে সংসার বেঁধেছিলেন রাহুল দেব। ২০০৯ সালের ১৬ মে, ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান রিনা। এ সংসারে সিদ্ধান্ত নামে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। এরপর আর বিয়ে করেননি রাহুল। ‘সিঙ্গেল ফাদার’ হিসেবে ছেলেকে বড় করছেন। ২০২০ সালে মডেল-অভিনেত্রী মুগ্ধ গোডসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই খল তারকা। তবে তারা এখনো বিয়ে করেননি।
ঢাকা/শান্ত