ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাবিপ্রবিতে শিক্ষা মেলা, মিলবে স্কলারশিপ

শাবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ১৭ মে ২০২৬  
শাবিপ্রবিতে শিক্ষা মেলা, মিলবে স্কলারশিপ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো। এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশি ৫০০ শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

রবিবার (১৭ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনের নিচতলায় আয়োজিত এ এডুকেশন এক্সপোর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী।

আরো পড়ুন:

এ সময় শাবিপ্রবির সঙ্গে পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) এবং আরেকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেমোরেন্ডাম অব ইন্টারেস্ট (এমওআই) স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, “আমি মনে করি এই উদ্যোগের উদ্দেশ্য সফল হচ্ছে। এটি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে, সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি করেছে এবং একাডেমিক মহলেও ইতিবাচক সাড়া ফেলেছে।”

তিনি আরো বলেন, “আমরা আশা করছি, এর মাধ্যমে দুই দেশের মধ্যে শিক্ষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক আরো শক্তিশালী হবে। বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে গিয়ে আমাদের জীবনধারা সম্পর্কে জানবে, একইভাবে আমরাও বাংলাদেশের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাব।”

তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে এটি দুই দেশের মধ্যে জ্ঞান ও শিক্ষা বিনিময়ের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।”

শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, “বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডরের মতো উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”

তিনি আরো বলেন, “এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিবেশে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ পাবে। শাবিপ্রবি সবসময় আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দিয়ে আসছে।”

উপাচার্য আশা প্রকাশ করেন, “এই উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় আরো জোরদার করবে।”

প্রসঙ্গত, এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম, ট্রেজারার অধ্যাপক ইসমাইল হোসেন, ইন্টারন্যাশনাল সেন্টারের পরিচালক অধ্যাপক মো. মনিরুল ইসলাম এবং পাকিস্তানের শীর্ষ ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

ঢাকা/ইকবাল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়