টাঙ্গাইলে ১৪ ঘণ্টায়ও বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হয়নি
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইল শহরসহ বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।
টাঙ্গাইল শহরসহ বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ গ্রিডের দুটি কয়েল পুড়ে ১৩২ কেভির সঞ্চালন লাইন বন্ধ রয়েছে। এতে ১৪ ঘণ্টায় বিদ্যুৎ সঞ্চালন স্বাভাাবিক হয়নি। গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানায়, রবিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় প্রবল বেগে ঝড়, বজ্রপাতসহ শিলাবৃষ্টি হয়। এতে শহরের বৈল্লা অফিসে বিদ্যুৎ গ্রিডের দুটি কয়েল পুড়ে এবং বড় বড় গাছ পড়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়। সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাড়ে ১৪ ঘন্টায়ও বিদ্যুৎ স্বাভাবিক হয়নি। এতে চিকিৎসাসেবা ব্যাহতসহ ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। বাসাবাড়িতে বিদ্যুৎ না থাকায় ফ্রিজের খাদ্যসামগ্রী নষ্ট হচ্ছে। বিভিন্ন শিল্প কলকারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।
পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকার বাসিন্দা রুস্তম আলী বলেন, ‘‘রাত থেকে বিদ্যুৎ আসেনি। সকালে পানির অভাবে গোসলও করতে পারিনি। ছোট ছেলে-মেয়ে নিয়ে গরমে কষ্ট হচ্ছে।’’ একই এলাকার ব্যবসায়ী উজ্জল মিয়া বলেন, ‘‘বিদ্যুৎ না থাকায় জেনারেটর ব্যবহার করতে হচ্ছে। স্বাভাবিক বিক্রিও হচ্ছে না।’’
কাগমারার বাসিন্দা শাকিল আহমেদ বলেন, ‘‘বিদ্যুৎতের অভাবে মোবাইলের স্বাভাবিক নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ফ্রিজের মাছ নষ্ট হচ্ছে।’’
পিডিপির নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, দ্রুতই বিদ্যুৎ চঞ্চালন স্বাভাবিক হবে।
ঢাকা/কাওছার/বকুল