চট্টগ্রামে গ্রাফিতি আঁকা নিয়ে উত্তেজনা, কঠোর অবস্থানে পুলিশ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
ট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে টাইগারপাস মোড়ে গ্রাফিতি আঁকতে গেলে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনজনকে হেফাজতে নিলেও পরে ছেড়ে দেয়।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি অপসারণের অভিযোগকে কেন্দ্র করে রবিবার (১৭ মে) রাত থেকে টাইগারপাস ও আশপাশের এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এনসিপি ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৮ মে) সকাল থেকে টাইগারপাস, লালখান বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কয়েকজন এনসিপিকর্মী নতুন করে গ্রাফিতি আঁকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে ধস্তাধস্তিতে রূপ নেয়। পরে পুলিশ তিনজনকে নিজেদের হেফাজতে নেয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে— এমন আশঙ্কা থেকে তিনজনকে সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরো বলেন, জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
ঘটনাস্থলে থাকা এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে দমন করার চেষ্টা চলছে। তাদের ভাষ্য, এসব গ্রাফিতি শুধু দেয়ালচিত্র নয়, বরং আন্দোলনের স্মৃতি, তরুণদের প্রতিবাদ এবং আত্মত্যাগের প্রতীক। তাই এগুলো আঁকতে বাধা দেওয়া কিংবা মুছে ফেলার চেষ্টা সাধারণ মানুষের আবেগে আঘাত করছে।
উদ্ভূত পরিস্থিতিতে নগরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। এরই মধ্যে সোমবার সকালে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে জিইসি মোড় থেকে দেওয়ানহাট ফ্লাইওভার পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা/রেজাউল/বকুল
এনইসিতে তিন লাখ কোটি টাকার এডিপি অনুমোদন