রাকসুর উদ্যোগে রাবিতে ফ্যাক্ট-চেকিং কর্মশালা
রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভুয়া তথ্য মোকাবিলা ও তথ্য যাচাইয়ে সচেতনতা বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্যা ডিসেন্ট-এর সম্পাদক কদরুদ্দিন শিশির। তিনি ফ্যাক্ট-চেকিংয়ের বিভিন্ন কৌশল, তথ্য যাচাইয়ের পদ্ধতি এবং ডিজিটাল মাধ্যমে গুজব শনাক্ত করার বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
রাকসুর সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিবের সঞ্চালনায় কদরুদ্দিন শিশির বলেন, “ওয়েবসাইটের ফ্যাক্ট-চেকিং ও ভিজিট বিশ্লেষণ করে বোঝা যায়, কারা বেশি ভুয়া তথ্য ছড়ায়। এতে নির্দিষ্ট সংবাদমাধ্যম বা পত্রিকার বিষয়ে সতর্ক থাকা সহজ হয়।” তিনি বলেন, কোনো সূত্র রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হলে সেই সংবাদ গ্রহণযোগ্যতা হারায়।
তিনি আরো বলেন, “ধর্মীয়, জরিপ, সংঘাত ও জাতীয়তাবাদী আবেগসম্পর্কিত সংবাদে বেশি সতর্ক থাকতে হবে। অনেক সময় আবেগকে পুঁজি করে ভুল তথ্য ছড়ানো হয়। বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ডের আদলে ভুয়া ফটোকার্ড তৈরি করে ফেক পেজ থেকে তথ্য ছড়ানোর ঘটনাও বাড়ছে।” এক্ষেত্রে পেজের নাম ও বানান ভালোভাবে যাচাই করার পরামর্শ দেন তিনি।
রাকসুর মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলাম বলেন, “ফ্যাক্ট-চেকিং বিষয়ক এ কর্মশালায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে স্বাগত জানাই। বর্তমানে মোবাইল ফোন ও বিভিন্ন যোগাযোগমাধ্যমের কারণে প্রতিনিয়ত অসংখ্য তথ্য আমাদের সামনে আসে। কিন্তু কোনটি সত্য আর কোনটি মিথ্যা, তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, মিথ্যা তথ্য সত্য তথ্যের তুলনায় প্রায় ছয় গুণ দ্রুত ছড়িয়ে পড়ে।”
এ সময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলে সেটির সত্যতা নিশ্চিত না হয়ে তা বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার করা উচিত নয়। আজকের এই কর্মশালা শিক্ষার্থীদের আরো সচেতন করে তুলবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন। এছাড়া, উপস্থিত ছিলেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বিরসহ রাকসুর বিভিন্ন সম্পাদক, সহকারী সম্পাদক ও নির্বাহী সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও কর্মশালায় অংশ নেন।
ঢাকা/ফাহিম/জান্নাত