সদরঘাটে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ বাড়ছে
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঈদুল আজহার টানা সরকারি ছুটির দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি ও চাঁদপুরসহ বিভিন্ন জেলার যাত্রীরা সকাল থেকেই লঞ্চ টার্মিনালে আসছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পরিবার-পরিজন, বন্ধুবান্ধবসহ ঘরমুখো যাত্রীরা ব্যাগ, ট্রলি ও প্রয়োজনীয় মালপত্র নিয়ে লঞ্চে উঠছেন। সময়মতো লঞ্চ ধরতে পেরে অনেকের চোখে-মুখে ছিল স্বস্তি।
বরিশালগামী যাত্রী রিফাত হোসেন বলেন, “পদ্মা সেতু হওয়ার পর লঞ্চে যাতায়াত কম করা হয়। কিন্তু প্রতি ঈদে লঞ্চে যাই। পরিবারের সবাই শুয়ে-বসে গল্প করতে করতে বাড়ি চলে যেতে পারি। লঞ্চ যাত্রা আরামদায়ক।"
ভোলাগামী যাত্রী নেসার আহমেদ বলেন, “লঞ্চে ভিড় একটু বেশি, তারপরও সময়মতো রওনা দিতে পেরে ভালো লাগছে।”
চাঁদপুরগামী যাত্রী শফিক শাহীন বলেন, “টানা ছুটিতে সবাই একসঙ্গে বাড়ি ফিরছি। মা-বাবার সঙ্গে ঈদ করবো এটাই আনন্দ।"
ভোলাগামী ফারহান-৯ লঞ্চের স্টাফ প্রতিনিধি জহির উদ্দিন জানান, ‘‘ঈদ উপলক্ষে যাত্রী সংখ্যা অনেক বেড়েছে। সকল কেবিন অগ্রীম বুকিং হয়ে গেছে। যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।"
সদরঘাট লঞ্চ টার্মিনাল নিরাপত্তা কর্মকর্তা সোহেল রানা জানান, ‘‘গতকাল সোমবার থেকেই বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে। তবে আজ সকাল থেকে চাপ আরও বাড়ছে। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রতিটি লঞ্চে নজরদারি বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
ঢাকা/এমএসবি//