প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর
তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন?
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘‘তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন যাদের আমরা চিনি না?’’
শনিবার (৪ এপ্রিল) বিকেলে ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ প্রশ্ন করেন।
পোস্টে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি লিখেছেন: ‘‘তাঁর নিজের সিদ্ধান্ত ছাড়াও যাঁদের সিদ্ধান্তের ওপর তাঁর দেশে ফেরা ও অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নির্ভর করতে পারে, তাঁরা কারা?’’
‘‘২৯ নভেম্বর তারেক রহমান বলেছিলেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।’’
এনসিপির এই নেতা পোস্টে সে কথা স্মরণ করিয়ে আরো লেখেন: ‘‘তাঁর দেশে ফেরা আর কার কার সিদ্ধান্তের ওপর নির্ভর করে, তা তিনি তখন কিংবা এখনোও স্পষ্ট করেননি। কিন্তু ২৫ ডিসেম্বর, যাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে তিনি দেশে ফিরেছেন—দলের অনেকের দ্বিমত থাকা সত্ত্বেও—গুম ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলের পেছনে তাদের সিদ্ধান্তের কোনো প্রভাব রয়েছে কি না, সে প্রশ্ন থেকেই যায়।’’
‘‘দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন অন্য অনেকের প্রভাবের ওপর নির্ভর করেছে, ঠিক তেমনি দেশ পরিচালনার ক্ষেত্রেও কি তিনি তাদের দ্বারা প্রভাবিত?’’ প্রশ্ন করেছেন এনসিপির এই নেতা।
ঢাকা/রায়হান//
প্রজ্ঞাপন জারি, রবিবার থেকে অফিস ৯টা-৪টা