ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘নিজের শহরে এত শিল্পী, সহকর্মী, সাংবাদিকদের একসঙ্গে পেয়ে ভীষণ ভালো লেগেছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৩:৫২, ৮ এপ্রিল ২০২৬
‘নিজের শহরে এত শিল্পী, সহকর্মী, সাংবাদিকদের একসঙ্গে পেয়ে ভীষণ ভালো লেগেছে’

আদর আজাদ ও অপু বিশ্বাস

প্রাচীন পুণ্ড্রনগরী বগুড়ার নান্দনিক পাঁচতারকা হোটেল অ্যান্ড রিসোর্ট ‘মমো ইন’-এ বসেছিল সুরের মেলা। ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড উপলক্ষে গতকাল সন্ধ্যায় এই এলাহি আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে অংশ নেন বগুড়ার সন্তান চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক আদর আজাদ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মেতে উঠেন এই দুই তারকা। সেখানেই উঠে আসে আয়োজন, সংস্কৃতি এবং ব্যক্তিগত আবেগের নানা কথা। 

আরো পড়ুন:

কথার শুরুতে ধন্যবাদ জানিয়ে অপু বিশ্বাস বলেন, “চ্যানেল আইকে ধন্যবাদ জানাতে চাই, এমন একটি মর্যাদাপূর্ণ আয়োজন বগুড়ায় করার জন্য। দেশের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় শিল্পী ও কলাকুশলীরা এখানে একত্র হয়েছেন—এটি আমাদের জন্য গর্বের। এর মাধ্যমে বগুড়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন করে সবার সামনে এসেছে।” 

দেশের প্রত্যেক জেলার নিজস্ব ঐতিহ্য বিনিময়ের জন্য এ ধরনের আয়োজন বৃদ্ধি করার আহ্বান জানিয়ে অপু বিশ্বাস বলেন, “বাংলাদেশের প্রতিটি জেলা নিজস্ব ঐতিহ্যে সমৃদ্ধ। এ ধরনের আয়োজন যদি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সাংস্কৃতিক বিনিময় আরো সমৃদ্ধ হবে। একই সঙ্গে শিল্পী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে। এ উদ্যোগের জন্য ফরিদুর রেজা সাগর ভাইকে বিশেষ ধন্যবাদ জানাই।” 

জন্মভূমিতে আয়োজিত এমন অনুষ্ঠানে অংশ নিতে পেরে আবেগাপ্লুত অপু বিশ্বাস যোগ করে বলেন, “আমি বগুড়ার মেয়ে। নিজের শহরে এত পরিচিত মুখ, শিল্পী, সহকর্মী, সাংবাদিক—সবাইকে একসঙ্গে পেয়ে ভীষণ ভালো লাগছে।” 

জমকালো এই আয়োজনে পারফর্ম করেছেন চিত্রনায়ক আদর আজাদ। তার সঙ্গী ছিলেন অপু বিশ্বাস। এ বিষয়ে আদর আজাদ বলেন, “এবারের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আমি ও চিত্রনায়িকা অপু বিশ্বাস বেহুলা-লখিন্দর থিমে একটি পারফরম্যান্স করেছি, যেখানে বগুড়ার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা ছিল।” 

“বেহুলা-লখিন্দরের গল্প আমাদের লোকজ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। সেই ঐতিহাসিক আবহকে মঞ্চে উপস্থাপন করতে পেরে ভালো লেগেছে। এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতির মেলবন্ধন আরো শক্তিশালী করে।” বলেন আদর আজাদ।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়