বগুড়া-৬ আসনে রাত পোহালেই ভোট, কেন্দ্রে পৌঁছাচ্ছে সরঞ্জাম
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়া-৬ আসনের উপনির্বাচনের সরঞ্জাম পাঠানো হচ্ছে ভোটকেন্দ্রে।
বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে বৃহস্পতিবার (৯ এপ্রিল)। এ লক্ষ্যে ভোটকেন্দ্রগুলোতে ইতোমধ্যে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে বগুড়া শহরের সেন্ট্রাল স্কুল মাঠ থেকে কেন্দ্রগুলোতে সরঞ্জাম বিতরণ শুরু হয়।
বগুড়ার এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন। নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৩ হাজার ৭৩৬ জন।
উপজেলার ১৫১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
আরো পড়ুন: শেরপুর-৩ ও বগুড়া-৬: প্রবাসীদের ভোট এসেছে মাত্র ৪টি
বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল জানান, নির্বাচনি মাঠে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ২ হাজার ৬৫৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা থাকবেন। ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন।
এই উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একাধিক আসনে নির্বাচিত হওয়ায় তিনি এই আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এখানে বৃহস্পতিবার উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে।
ঢাকা/এনাম/মাসুদ
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ