সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
আলী হোসেন। ফাইল ফটো
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে আলী হোসেন (৪৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস নম্বর পিলার এলাকায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করে তারা।
নিহত আলী হোসেন সীমান্ত এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ৭-৮ জনের একটি দল ধবলগুড়ি সীমান্তের শূন্যরেখা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। দলটি ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফ দ্বিতীয়বার গুলি চালায়। এতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানালে বিএসএফ তাতে সাড়া দেয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন তিস্তা ব্যাটালিয়ন-৬১ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম।
বৈঠক শেষে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিএসএফ গুলির ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। তারা দাবি করেছে, অনুপ্রবেশকারীদের সতর্ক করতে প্রথমে ফাঁকা গুলি করা হয়েছিল। কিন্তু তারা বিএসএফ সদস্যদের ওপর আক্রমণ করলে আত্মরক্ষার্থে গুলি ছুড়তে বাধ্য হয় তারা। এতেই আলী হোসেনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে আলী হোসেনের মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে বিএসএফ নিশ্চিত করেছে।
ঢাকা/নিয়াজ/রাজীব
ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ