গণভোটের রায় মেনে নিলে সরকারের একক কর্তৃত্ব থাকবে না: আখতার হোসেন
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ছবি: রাইজিংবিডি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ‘‘সরকার পুরো বাংলাদেশকে এক ব্যক্তির নিয়ন্ত্রণে রাখতে চায়। গণভোটের রায় মেনে নিলে সরকারের একক কর্তৃত্ব থাকবে না এবং রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক পরিবর্তন নিশ্চিত হবে। কিন্তু জনগণের স্পষ্ট মতামতকে তোয়াক্কা না করে ক্ষমতার মসনদে বেশি দিন টিকে থাকা সম্ভব হবে না।’’
শনিবার (৪ এপ্রিল) বিকেল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের আয়োজনে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদ এবং গণরায় অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় আখতার হোসেন বলেন, ‘‘নির্বাচনের পর দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সরকার এখন জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। দেশ পরিচালনায় সংবিধানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমরাও মনে করি দেশ চালাতে সংবিধান প্রয়োজন। তবে সেটি ১৯৭২ সালের মুজিববাদী সংবিধান হলে চলবে না। বর্তমান সময়ের প্রেক্ষাপটে সেটি হতে হবে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটা একটি প্রকৃত জনগণের সংবিধান।’’
‘‘আমরা আগে থেকেই সংস্কার পরিষদের কথা বলে আসছি এবং এটি কোনো নতুন দাবি নয়। ঐক্যমত কমিশনের আলোচনার মাধ্যমে সংবিধানের একটি টেকসই পরিবর্তনের লক্ষ্যে সব রাজনৈতিক দল একমত হয়েছিল। সেখানে সংশোধনের পরিবর্তে আমূল সংস্কারের বিষয়ে সব পক্ষই ঐকমত্য পোষণ করেছিল।’’
সমাবেশে এনসিপির সদস্য সচিব বলেন, ‘‘জনগণের অধিকার আদায়ের এই লড়াইয়ে রাজপথ ছাড়া কোনো বিকল্প নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য তৈরি হয়েছিল, তা থেকে বিচ্যুত হলে জাতি বড় সংকটে পড়বে। তাই সময় থাকতেই সরকারকে জনগণের ভাষা বুঝে সংবিধান সংস্কার ও গণভোটের পথে হাঁটার আহ্বান জানাচ্ছি।’’
ঢাকা/রায়হান//
প্রজ্ঞাপন জারি, রবিবার থেকে অফিস ৯টা-৪টা