যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় বড় ঝুঁকিতে পাকিস্তান: বিশ্লেষক
ফাইল ফটো
মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করতে গিয়ে পাকিস্তান বড় ধরনের কূটনৈতিক ঝুঁকির মুখে পড়েছে। বুধবার (৮ এপ্রিল) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক ও ইসলামাবাদভিত্তিক ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’-এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ গুল।
ইমতিয়াজ গুলের মতে, পাকিস্তান এই জটিল পরিস্থিতিতে অনেকটা নিজের ঘাড় পেতে দিয়েছে। এই মধ্যস্থতা প্রক্রিয়ায় ইসলামাবাদের জন্য অনেক কিছু হারানোর ভয় রয়েছে।
তিনি বলেন, পাকিস্তান মূলত তিনটি প্রধান কারণে চাপের মুখে আছে। ইরানের সঙ্গে পাকিস্তানের প্রায় ৯০৯ কিলোমিটার (৫৬৫ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে, যা নিরাপত্তার খাতিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক সহযোগী। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের গভীর কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, যারা ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। পাকিস্তানকে এখন তার এসব সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে।
ইমতিয়াজ গুল জানান, গত রাত পর্যন্তও ব্যাপক সংশয় ছিল যে পাকিস্তান আদৌ এমন একটি বৈরী ও সংকটময় পরিবেশে এই অসাধ্য সাধন করতে পারবে কি না। তবে এখন আলোচনা একটি পর্যায়ে পৌঁছেছে।
তিনি মনে করেন, পাকিস্তানের জন্য আসল পরীক্ষা হবে যদি এই আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে সফলতার মাপকাঠি হবে দুটি বিষয়ের ওপর। প্রথমত: ইরান যে ১০টি প্রস্তাব দিয়েছে, যুক্তরাষ্ট্র তার অন্তত কয়েকটি মেনে নেবে কিনা। দ্বিতীয়ত: চুক্তিটি এই দুই সপ্তাহের যুদ্ধবিরতির পরেও কার্যকর থাকবে কি না।
ঢাকা/ফিরোজ
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ