পোস্তগোলা হাটে জমজমাট বিক্রি, চাহিদায় মাঝারি গরু
ছবি: রাইজিংবিডি
ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তে রাজধানীর পোস্তগোলা শ্বশানঘাট কোরবানির পশুর হাটে বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। হাটজুড়ে চলছে ক্রেতা-বিক্রেতার হাঁকডাক, দরদাম আর বেচাকেনা।
মঙ্গলবার (২৬ মে) সরেজমিনে দেখা যায়, হাটে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি দেখা গেলেও বড় গরুর প্রতিও আগ্রহ রয়েছে অনেকের। বিশেষ করে পরিবার ও কয়েকজন মিলে কোরবানি দেওয়ার জন্য মাঝারি ও বড় গরু কিনছেন অনেকে।
হাটে আসা শ্যামপুরের বাসিন্দা সোহাগ পাটোয়ারী বলেন, “ছোট পরিবারের জন্য মাঝারি গরুই বেশি উপযোগী। দামও তুলনামূলক নাগালের মধ্যে। তাই অনেক ঘুরে দেখে একটি গরু পছন্দ করেছি।”
আরেক ক্রেতা নারায়ণগঞ্জ পাগলার বাসিন্দা মিজানুর রহমান বলেন, “বড় গরুর দাম বেশি হলেও কয়েকজন মিলে কিনলে সুবিধা হয়। তাই বন্ধুদের সঙ্গে মিলে বড় গরু দেখতে এসেছি।”
বিক্রেতারা বলছেন, শেষ সময় হওয়ায় বেচাকেনাও বেড়েছে। ফরিদপুর থেকে গরু নিয়ে আসা ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, “গত দুইদিন ক্রেতা কম ছিল। তবে আজ সকাল থেকে ভালো বিক্রি হচ্ছে। ছোট ও মাঝারি গরু দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে।”
কুষ্টিয়া থেকে আসা আরেক বিক্রেতা মাসুম বিল্লাহ বলেন, “বড় গরুরও ক্রেতা আছে। অনেকে দেখে যাচ্ছেন, দরদাম করছেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি আরো বাড়বে বলে আশা করছি।”
পোস্তগোলা শ্বশানঘাট পশুর হাট পরিচালনা কমিটির পরিচালক শফিউল্লা সুমন বলেন, “হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টির মৌসুম হওয়ার কারণে ক্রেতা-বিক্রেতাদের একটু সমস্যা হচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশন করে দিচ্ছি। হাট পুরোপুরি জমে উঠেছে। আশা করি শেষদিনে বেচাকেনা আরো বাড়বে।”
ঢাকা/এমএসবি/এসবি
দেশে হাম ও হামের উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু