ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফেরি পেতে ৩ ঘণ্টা

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২৬ মে ২০২৬   আপডেট: ১৮:১৫, ২৬ মে ২০২৬
ফেরি পেতে ৩ ঘণ্টা

রাজধানীর ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। ঢাকা, সাভার,আশুলিয়া, টঙ্গী, গাজীপুর,ধামরাইসহ আশেপাশের শিল্পকারখানায় আজ থেকে পুরোপুরি ঈদের ছুটি হওয়ায় গন্তব্য ছুটছেন মানুষ। এ অঞ্চলে কর্মরত যাত্রীদের ভিড়ে মানিকগঞ্জের পাটুরিয়ায় যানবাহনের চাপ বেড়েছে। ফলে ফেরি পেতে একেকটি যানবাহনকে তিন ঘণ্টার বেশি অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন চালক ও যাত্রীরা।

মঙ্গলবার (২৬ মে) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, দক্ষিণাঞ্চলগামী যানবাহনের সিরিয়াল পাটুরিয়া ঘাটের আরসিএল মোড় এলাকা ছাড়িয়ে গেছে। প্রায় দুই কিলোমিটার সড়কে একশর বেশি বাস ফেরিতে উঠার অপেক্ষায় রয়েছে। ট্রাক টার্মিনালে ৭০টির মতো ছোটবড় ট্রাক, ৫ নম্বর ঘাট এলাকায় প্রাইভেটকার, হায়েসসহ প্রায় একশ যানবাহন পার হওয়ার অপেক্ষায় রয়েছে। এছাড়া, মোটরসাইকেল চালকদের ভিড়ও বেড়েছে ঘাট এলাকায়।

আরো পড়ুন:

চালকরা জানান, প্রত্যেকটি যানবাহনকে ফেরি পেতে কমপক্ষে তিন ঘণ্টা সময় লাগছে। এতে দূরপাল্লার যাত্রী ও চালকদের ভোগান্তি বেড়েছে। 

লুৎফর রহমান নামের এক যাত্রী বলেন, “দুপুর ২টার দিকে আমাদের বাসটি ঘাট এলাকায় এসে সিরিয়াল ধরে। পন্টুনের কাছাকাছি আসতে তিন ঘণ্টা সময় লাগছে। হয়ত কিছুক্ষণ পর ফেরিতে উঠতে পারব। বহরে আরো কিছু ফেরি যুক্ত করা হলে এত চাপ পড়ত না।”

নার্গিস আক্তার নামের আরেক যাত্রী বলেন, “তিন ঘণ্টা ধরে ঘাটে এলাকায় বাসে বসে আছি। বাচ্চাদের নিয়ে যা তা অবস্থা। ভালো কোনো টয়লেটও নেই। ফেরি পেতে এবার বেশি সময় লাগছে।”

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার বলেন, “আশেপাশের কারখানাগুলো ছুটি হওয়াতে দুপুরের পর ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীদের ভিড় বাড়লেও ভোগান্তি নেই। যানবাহনে ও ফেরি ঘাট এলাকায় বাড়তি ভাড়া আদায় যাতে না হয় সে বিষয়ে মোবাইল টিম কাজ করছে।”

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম সালাম হোসেন বলেন, “পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নয়টি বড়, পাঁচটি মাঝারি ও তিনটি ছোট ফেরি চলাচল করছে। দুপুরের পর ঘাট যানবাহনের ভিড় বাড়লেও কোনো ভোগান্তি নেই। সিরিয়ালে অগ্রাধিকার ভিত্তিতে যানবাহন পারাপার করা হচ্ছে।”

ঢাকা/চন্দন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়