যশোরে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী অনিক ও তার সহযোগী আটক
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
যশোরে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী অনিক ও তার সহযোগী তানভীর আহমেদকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় শহরের শংকরপুর বাবলাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অনিক হাসান অনি ওই এলাকার আলতাফ হোসেন আলতুর ছেলে ও তানভীর আহমেদ চাঁচড়া রায়পাড়া এলাকার তরিকুলের ছেলে।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী অনিক ও তার সহযোগী তানভীর আহমেদকে আটক করা হয়েছে। পরে তল্লাশি চালিয়ে অনিক হাসান অনির কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া, তানভীর আহমেদের পকেট থেকে উদ্ধার করা হয়েছে একটি চাকু।”
পুলিশ জানায়, অনিক হাসান অনি শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে, সাতটি মামলায় পরোয়ানা রয়েছে। তানভীর আহমেদের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হবে।
ঢাকা/রিটন/রাজীব
দেশে হাম ও হামের উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু