লিওনেল মেসির চোট গুরুতর নয়
লিওনেল মেসি
বিশ্বকাপের ঠিক আগে অন্য দলগুলো যখন ফুরফুরে মেজাজে আছে, তখন আর্জেন্টাইন শিবিরে আতঙ্ক। সোমবার (২৬ মে) মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামির ৬–৪ গোলে জয়ের ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন লিওনেল মেসি।
এতে আর্জেন্টাইন জাদুকরের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠতে থাকে। তবে, ২৪ ঘণ্টা পেরোনোর পর ইন্টার মায়ামি জানিয়েছে, মেসির চোট গুরুতর কিছু নয়। পেশিতে অতিরিক্ত চাপ ও ক্লান্তিতে ভুগছেন মেসি।
ম্যাচের ৭৩তম মিনিটে একটি ফ্রি কিক নেওয়ার পর বাঁ উরুর পেশি হাত দিয়ে চেপে ধরেন মেসি। পরের কিছুটা সময় মাঠে থাকতে চেয়েও পারেননি। বদলি হয়ে ডাগআউটে বসে পড়েন।
ইন্টার মায়ামির বিবৃতিতে জানিয়েছে, ‘‘সোমবার আরও স্বাস্থ্য পরীক্ষার পর প্রাথমিকভাবে জানা গেছে, তার বাম হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের কারণে পেশিতে ক্লান্তিজনিত সমস্যা দেখা দিয়েছে। তিনি কবে শারীরিক কার্যক্রমে ফিরতে পারবেন, তা নির্ভর করবে তার চিকিৎসাগত ও শারীরিক অগ্রগতির ওপর।”
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মেসি ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগামী ৭ জুন আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ হন্ডুরাসের বিপক্ষে। মেসি আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন।
এখনো বিশ্বকাপের দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। তবে, বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে মেসির খেলা নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়।
ঢাকা/ইয়াসিন/রফিক
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহসের জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী