ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাড়ি কিনে নতুন বিতর্কে সোনম কাপুর 

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২৬ মে ২০২৬  
বাড়ি কিনে নতুন বিতর্কে সোনম কাপুর 

সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা লন্ডনের অভিজাত নটিং হিল এলাকায় বিলাসবহুল বাড়ি কেনা এবং সেটির সংস্কারকে ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ২০২৩ সালে সোনম-আহুজা দম্পতি প্রায় ২৭০ কোটি রুপি (প্রায় ২ কোটি ১০ লাখ পাউন্ড) ব্যয়ে প্রায় ২০০ বছর পুরোনো একটি ম্যানশন কিনেছেন। পরে তারা বাড়িটির অভ্যন্তরীণ অংশ সম্পূর্ণ নতুনভাবে সাজানোর পরিকল্পনা জমা দেন। তবে বাইরের ঐতিহ্যবাহী কাঠামো অপরিবর্তিত রাখার কথা বলা হয়।

আরো পড়ুন:

সংস্কার পরিকল্পনায় বেসমেন্টে সুইমিংপুল এবং ভূগর্ভস্থ বাস্কেটবল কোর্ট নির্মাণের মতো বিলাসবহুল সুবিধাও অন্তর্ভুক্ত ছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও আপত্তির পর সম্প্রতি সেই পরিকল্পনা অনুমোদন পেয়েছেন তারা।

তবে এর মধ্যেই নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। অভিযোগ উঠেছে, দম্পতির সঙ্গে সংশ্লিষ্ট একটি সংস্থা পাশের একটি আবাসিক ভবনে প্রায় ৫১ কোটি রুপি ব্যয়ে পাঁচটি ফ্ল্যাট কিনেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কিছু বাসিন্দার আশঙ্কা— ভবিষ্যতে এসব ফ্ল্যাট গৃহকর্মীদের আবাসন হিসেবে ব্যবহার করা হতে পারে। এ খবর প্রকাশের পর থেকেই প্রতিবেশীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

একজন বাসিন্দার দাবি, বড় অঙ্কের অর্থ ও প্রভাবের কারণে অনেকে প্রকাশ্যে আপত্তি জানাতে সাহস পাচ্ছেন না। তাদের অভিযোগ, গৃহকর্মীরা একই আবাসনে থাকলে এলাকার দীর্ঘদিনের ‘শান্ত ও অভিজাত পরিবেশ’ নষ্ট হতে পারে।

অন্যদিকে সোনম-আনন্দের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্ল্যাট কেনার সঙ্গে সরাসরি সোনম কাপুর জড়িত নন। এগুলো মূলত বিনিয়োগের উদ্দেশ্যে কেনা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ম্যানশনটির সংস্কারেই ইতোমধ্যে প্রায় ৬০ কোটি রুপি ব্যয় হয়েছে। নটিং হিলে তাদের আরও একটি অ্যাপার্টমেন্ট ও স্টুডিও রয়েছে। এছাড়া মুম্বাই ও দিল্লিতেও দম্পতির একাধিক বাড়ি আছে।

উল্লেখ্য, আনন্দ আহুজা ভারতের একটি বৃহৎ বস্ত্র রপ্তানিকারক পরিবারের সদস্য এবং নিজেও একজন ফ্যাশন উদ্যোক্তা। ২০১৮ সালের ৮ মে সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়