রণবীর সিংকে নিষিদ্ধের ঘোষণা এফডব্লিউআইসিই’র
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
রণবীর সিং
বলিউড অভিনেতা রণবীর সিংকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর অভিযোগে এই অভিনেতার বিরুদ্ধে অসহযোগিতার ঘোষণা দিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)।
সোমবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংস্থাটির প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানান, গত ১১ এপ্রিল ফারহান আখতার আনুষ্ঠানিকভাবে রণবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে সিনেমাটি থেকে সরে দাঁড়ান অভিনেতা। এতে ছবির কাজ ও প্রযোজনায় বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে দুই পক্ষের বক্তব্য শোনার চেষ্টা করা হয়। প্রযোজক রিতেশ সিধওয়ানি বৈঠকে উপস্থিত ছিলেন এবং ফারহান আখতার লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন। তবে রণবীর সিংকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি বলে দাবি সংগঠনের।
পরে অভিনেতার টিম ই-মেইলের মাধ্যমে জানায়, এ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার ফেডারেশনের নেই।
সংস্থার সভাপতি বিএন তিওয়ারি বলেন, একটি সিনেমার সঙ্গে হাজারো কর্মীর জীবিকা জড়িয়ে থাকে। কোনো ছবির কাজ হঠাৎ বন্ধ হয়ে গেলে জুনিয়র শিল্পী থেকে শুরু করে দৈনিক মজুরিভিত্তিক কর্মীরাও আর্থিক ক্ষতির মুখে পড়েন।
এরপরই ফেডারেশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত রণবীর সিংয়ের সঙ্গে তাদের সদস্যরা কাজ করবেন না।
এই বিতর্কের কেন্দ্রে রয়েছে প্রায় ৪৫ কোটি রুপি ক্ষতির অভিযোগ। সূত্রের খবর, ‘ডন ৩’ ছবির কাজে ইতিমধ্যেই বিপুল অঙ্কের বিনিয়োগ করা হয়েছিল। তবে আলোচনার মাধ্যমে এখনো সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।
ঢাকা/লিপি