পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
দমকা হাওয়া ও বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে বন্ধ থাকার ৪০ মিনিট পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক ( বাণিজ্য) সালাম হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৪০ মিনিট ফেরি চলাচল বন্ধ থাকে। বৃষ্টি ও দমকা হাওয়া কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে।”
তিনি আরো বলেন, “পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৯টি বড়, পাঁচটি মাঝারি ও তিনটি ছোট ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনগুলো সিরিয়ালে রাখা হয়েছিল, এখন সেগুলো পারাপার করা হবে। সোমবার রাতে যানবাহনের চাপ থাকলেও সকাল থেকে তা তুলনামূলক কম। এ নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করায় কোনো ভোগান্তি নেই।”
ঢাকা/চন্দন/মাসুদ