ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে র্যাব: মহাপরিচালক
মঙ্গলবার জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আগের বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ঈদের নামাজের জামায়াতের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
তিনি বলেছেন, “ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালনে নিয়োজিত আছেন। ঈদ উপলক্ষে সব ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং করছে। প্রধান প্রধান ঈদ জামাতের নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি করা হচ্ছে। দেশব্যাপী বিভিন্ন জায়গায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করা হচ্ছে।”
র্যাবের মহাপরিচালক বলেন, “ঈদকে কেন্দ্র করে কালোবাজারি ও অসাধু ব্যবসায়ীরা অবৈধ মজুতদারি, দ্রব্যের মূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজালসহ নকল দ্রব্য বাজারজাত করে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেজন্য র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।”
মো. আহসান হাবীব পলাশ বলেন, “ঈদের আগে-পরে র্যাবের অনলাইন মনিটরিং কার্যক্রম সার্বক্ষণিকভাবে অব্যাহত থাকবে। রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধের ঝুঁকি বৃদ্ধি পায়। এ পরিস্থিতি মোকাবিলায় সকল মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রীকালীন নিরাপত্তা চৌকি এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে।”
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র্যাব নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক।
ঢাকা/এমআর/রফিক