বৃষ্টিতে ভিজে গাড়ির অপেক্ষা, পিকআপে ছুটছে মানুষ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
বাড়ি ফিরতে বৃষ্টির মধ্যে সড়কের পাশে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন মানুষ।
ঈদের দীর্ঘ ছুটিতে গ্রামে ফিরছেন ঘরমুখী মানুষ। গাজীপুরের দুটি মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ। তাদের অনেকেই বাসে উঠতে না পেরে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে রওনা হচ্ছেন গন্তব্যে। অনেকে রাস্তার পাশে অপেক্ষা করছেন গাড়ির জন্য। তাদের এই যাত্রায় বাগড়া বাধিয়েছে বৃষ্টি। জামাকাপড় ভিজে যাওয়ায় কষ্টের কথা জানিয়েছেন তারা।
মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় তুমুল বৃষ্টি। এরইমধ্যে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। অনেক যাত্রী এখনো মহাসড়কের পাশে পরিবহনের জন্য অপেক্ষায় রয়েছেন। তাদের অনেকের জামা কাপড় ভিজে গেছে। শিশু ও বয়োজ্যেষ্ঠ যাত্রীদের সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হচ্ছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কথা হয় ফেরদৌস হোসেন নামে এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, “আমরা গাড়ি না পেয়ে চৌরাস্তা থেকে ট্রাকে উঠেছিলাম। বৃষ্টি শুরু হওয়ায় নেমে গিয়েছি। অনেক যাত্রী ভিজে ভিজেই পিকআপ ভ্যান ও ট্রাকে করে বাড়ি যাচ্ছেন। বৃষ্টির কারণে এবার যানজট আরো বেশি হবে।”
সোমবার থেকে শিল্পাঞ্চল গাজীপুরের অধিকাংশ কল কারখানা ছুটি হতে শুরু করেছে। এরপরই মহাসড়কে ঘরমুখী যাত্রীদের ঢল নামে। যাত্রীদের সেই ঢল এখন পর্যন্ত অব্যহত রয়েছে।
পিকআপ ভ্যানে বাড়ির পথে অনেকে
কারখানা সূত্রে জানা যায়, শিল্পাঞ্চল গাজীপুরে ছোট-বড় প্রায় ৫ হাজার শিল্প কারখানা রয়েছে। এসব কারখানার অর্ধেক সোমবার ছুটি হয়েছে। বাকি অর্ধেক আজ মঙ্গলবার দুপুরের মধ্যে ছুটি হয়ে যাবে। ধারণা করা হচ্ছে, দুপুরের পর যাত্রীদের চাপ মহাসড়কে যাত্রীদের চাপ আরো বাড়বে।
নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, “সোমবার রাতে বৃষ্টি হয়েছে। সকালে আবহাওয়া স্বাভাবিক ছিল, কিন্তু বেলা বাড়ার পর আবারো বৃষ্টি নামায় ভোগান্তি বেড়েছে ঘরমুখী মানুষের। যানজট ও ভোগান্তি কমাতে কাজ করছে পুলিশ।”
ঢাকা/রেজাউল/মাসুদ