ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২৫ মে ২০২৬  
বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি

ছবি: রাইজিংবিডি

রাজধানী ঢাকায় ভারী বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষসহ বিভিন্ন কাজে বের হওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর জিগাতলা, নিউমার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা যায়, মাত্র দুই থেকে তিন ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন:

রাজধানীর জিগাতলার বাসিন্দা মো. কাওসার হোসেন রাইজিংবিডি ডটকমকে বলেন, “জিগাতলা থেকে হাজারীবাগ যাওয়ার এই রাস্তায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে আশেপাশে অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।”

রাজধানীর নিউমার্কেটের এক নম্বর গেটের সামনে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী আরিয়ান খানের অভিভাবক মোসা. নুর নাহার আক্তার রাইজিংবিডি ডটকমকে বলেন, “বাচ্চাকে স্কুল থেকে নিয়ে ফেরার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়, আর এতেই রাস্তা ডুবে যায়। রিকশায় যে উঠব, রাস্তার গর্ত তো পানির নিচে দেখাই যায় না। হুট করে রিকশা উল্টে যাওয়ার ভয়ে আতঙ্কে ছিলাম। ফুটপাত দিয়ে হাঁটারও উপায় নেই, সেখানেও পানি। এই নোংরা পানি ডিঙিয়ে বাচ্চাদের নিয়ে চলাচল করা যে কত বড় শাস্তি, তা কেবল আমাদের মতো ভুক্তভোগীরাই বোঝে। জলাবদ্ধতা যেন ঢাকার মানুষের স্থায়ী অভিশাপ হয়ে গেছে।”

আবহাওয়া অধিদপ্তরের থেকে জানানো হয়েছে, সোমবার দুপুর ১২টা থেকে দুপুর ১টার মধ্যে শুধু রাজধানীতেই ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি ধরা হয়। 

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়