তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সমালোচনা বিভ্রান্তি ছড়ানোর জন্য: ত্রাণমন্ত্রী
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারা সমালোচনা করছেন, তারা মানুষের ভালোবাসা অর্জনের জন্য নয়, বরং বিভ্রান্তি ছড়াতেই এ সব বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, তিস্তা অধিকার আদায়ের আন্দোলনে এ সব সমালোচকদের কখনো দেখা যায়নি।
সোমবার (২৫ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিনাতলী স্কুল মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত ‘তিস্তাপাড় ভালোবাসার ১ টাকার বাজার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ সব কথা বলেন।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছেন, তেমনি তার নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।’’ তিনি আরো যোগ করেন, ‘‘পদ্মা ব্যারেজের অনেক আগেই কাজের অগ্রগতি করে রেখেছিল, একনেক শুধু এটি পাস করিয়েছে। তবে তিস্তা হচ্ছে আমাদের বর্তমান মহাপরিকল্পনা। এই দুই কোটি মানুষের জন্য তিস্তা নিয়ে আমরা আন্দোলন করেছি। যারা ভালো কাজকে ভালোভাবে দেখতে পারে না, তারাই এর বিরোধিতা করছে।’’
সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, ‘‘যেভাবেই হোক না কেন, সীমান্তে বিনা বিচারে কোনো ব্যক্তিকে গুলি করে মারা কোনোভাবেই উচিত নয়। সীমান্তে কেউ যদি অপরাধী হিসেবেও প্রমাণিত হয়, তবে তাকে প্রচলিত আইনের আওতায় আনা উচিত।’’
অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/সিপন/বকুল
হাম ও উপসর্গে মৃত্যু ১৭, মোট মৃত্যু সাড়ে ৫০০ ছুঁইছুঁই