ঈদযাত্রায় মানুষ স্বস্তি ও নিরাপদে বাড়ি ফিরছে: সড়কমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রায় মানুষ স্বস্তি ও নিরাপদে বাড়ি ফিরছে।
মঙ্গলবার (২৬ মে) রাজধানীর সদরঘাট টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘‘আপনারা দেখেছেন আগের তুলনায় এখন পরিবেশ অনেক ভালো। সরকার ভাড়া নির্ধারণ করে দিয়েছে। ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। যাত্রীদের ভোগান্তি কমাতে সাধ্যের মধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’’
‘‘আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীলভাবে কাজ করছে। বিআইডব্লিউটিএ ঈদযাত্রা নিরাপদ করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে,” যোগ করেন তিনি।
লঞ্চ ছাড়ায় বিলম্ব হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় লঞ্চগুলো ছাড়া হচ্ছে। জীবনের মূল্য সবচেয়ে বেশি। আমরা কোনো ধরনের দুর্ঘটনা চাই না।’’
পরিদর্শনকালে মন্ত্রী টার্মিনালে আগত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা খোঁজ নেন।
এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসানসহ নৌপুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এমএসবি//
দেশে হাম ও হামের উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু