ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জামালপুরে মহিষের গুঁতায় প্রাণ গেল দুজনের

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২৬ মে ২০২৬   আপডেট: ১৮:১৯, ২৬ মে ২০২৬
জামালপুরে মহিষের গুঁতায় প্রাণ গেল দুজনের

ফাইল ফটো

জামালপুরের দেওয়ানগঞ্জে মহিষের গুঁতায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ব্যক্তি এবং জামালপুর জেনারেল হাসপাতালে সোমবার রাতে অন্যজন মারা যান।

এর আগে, রবিবার বিকেলে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন- সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মজিবুর রহমান (৫৫) ও কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন (৫৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার দেওয়ানগঞ্জ উপজেলার আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির জন্য কয়েকটি মহিষ নিয়ে সানন্দবাড়ী হাটে আসেন। সেখানে আনার পর একটি মহিষ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে মহিষটি হাটজুড়ে ছোটাছুটি করে লোকজনকে গুঁতায়। এতে রুহুল আমিন, মজিবুর রহমানসহ অন্তত ছয়জন আহত হন। গুরুতর আহতাবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন মারা যান। পরে মজিবুর রহমানকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “মহিষের গুঁতায় দুই জন মারা গেছেন শুনেছি। তবে, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়