ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজধানী‌তে জলাবদ্ধতা, ছয় বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ২৬ মে ২০২৬  
রাজধানী‌তে জলাবদ্ধতা, ছয় বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশের ছয় বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকায় বুধবার আকাশ মেঘলাসহ বৃ‌ষ্টি হ‌তে পা‌রে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। 

আরো পড়ুন:

এদিকে, মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। তাপপ্রবাহ ক‌মেছে। বিকেল পর্যন্ত সেই মেঘলা আবহাওয়া আছে। ভোর থেকে থে‌মে থে‌মে বৃষ্টি, স্বাভা‌বিক চলা‌ফেরায় ছন্দপতন ঘ‌টে‌ছে। বৃ‌ষ্টি‌তে রাজধানীর নিচু এলাকায় জলাবদ্ধাতা সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে ঈদে বা‌ড়ি ফেরা মানুষ এবং পশুর হাটে ক্রেতা বি‌ক্রেতা বিপা‌কে প‌ড়ে‌ছেন। বিঘ্ন ঘ‌টে‌ছে বেচা‌কেনায়‌।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত সোমবার দক্ষিণের একাধিক এলাকায় তাপপ্রবাহ বয়ে যায়। আবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিও হয় প্রচুর। সেই তুলনায় আজ বৃষ্টির পরিমাণ বেশি। রাজধানীতেই সকাল ৬টা থেকে পরের ছয় ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টি হয়। 

মঙ্গলবার রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের নানা স্থানে বৃষ্টি হয়েছে সকাল থেকেই। রংপুর বিভাগ বাদ দিয়ে দেশের বাকি বিভাগগুলোর কিছু কিছু স্থানে বৃষ্টি হয়েছে। দক্ষিণে অবশ্য সেই তুলনায় বৃষ্টির পরিমাণ কম।

রাজধানীতেই সকাল ছয়টা থেকে পরের ছয় ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টি হয়ে‌ছে। আজ ফেনীতে ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, বুধবার রাতে রাজধানীতে অনেকটা বৃষ্টি হতে পারে। তবে আগামী বৃহস্পতিবার রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তি‌নি জানান, মৌসুমি বায়ু দেশে প্রবেশের আগের এ সময়ের বৈশিষ্ট্য হলো কোথাও প্রচণ্ড গরম আবার কোথাও ধুম বৃষ্টির পর কিছুটা শীতল পরিবেশ। প্রায় সাত দিন ধরে এই ভিন্নমুখী আচরণ বেশি চোখে পড়ছে।

বিকেলের দিকে মেঘমালা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিকে সরে গিয়েছে। আজ বাকিটা সময় বৃষ্টি কম হতে পারে। তবে আগামীকাল ঢাকা, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু স্থানে বৃষ্টি হতে পারে ব‌লেও জানান তি‌নি।

আবহাওয়া অ‌ধিদপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে, আজ দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম, উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়