ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গজারিয়ায় মহাসড়কে তীব্র যানজট, ঈদযাত্রায় চরম দুর্ভোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ২৬ মে ২০২৬  
গজারিয়ায় মহাসড়কে তীব্র যানজট, ঈদযাত্রায় চরম দুর্ভোগ

গজারিয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

মঙ্গলবার (২৬ মে) বিকেল চারটার পর থেকে মহাসড়কের উভয়মুখী সড়কে জামালদী মেঘনা সেতু এলাকা থেকে প্রায় ৮ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন:

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার টিপুরদী এলাকায় চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এর প্রভাব পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশেও। সোনারগাঁওয়ের যানজট গজারিয়ার ভবেরচর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।

ঢাকাগামী মতলব পরিবহনের চালক সাইফুল ইসলাম বলেন, ভবেরচর এলাকায় পৌঁছাতেই যানজটে আটকা পড়ি। আধা ঘণ্টা ধরে একই জায়গায় আছি। গাড়ি একটুও সামনে এগোচ্ছে না। সারাদিনে এ নিয়ে দুই ট্রিপ। কখন ঢাকা যাব, আবার কখন যাত্রী নিয়ে ফিরব বুঝতে পারছি না।

কুমিল্লামুখী প্রাইভেটকার চালক হাসান মিয়া বলেন, ঈদকে সামনে রেখে এমনিতেই মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। এর মধ্যে সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পরিবার নিয়ে অনেক ভোগান্তিতে পড়েছি।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আখন্দ বলেন, সোনারগাঁওয়ের টিপুরদী এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে। শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।

ঢাকা/রতন/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়