গাজীপুরের চন্দ্রায় ৩০ কিলোমিটারজুড়ে যানজট, ভোগান্তিতে ঘরমুখী মানুষ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ৩০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর থেকে থেমে থেমে যানবাহন চলাচল করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা হতে চন্দ্রা হয়ে কালিয়াকৈরের শেষ মাথা এবং জিরানি বাজার থেকে চন্দ্রা পর্যন্ত পুরো ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
তবে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট না থাকলেও ভোগরা, বোর্ডবাজার, চৌরাস্তা, সালনা, ভবানিপুর হয়ে মাওনা এলাকায় ২০ কিলোমিটার থেমে থেমে যানজট চলছে।
যাত্রীরা জানান, দুপুরের পরই গাজীপুরের দুই মহাসড়কে যাত্রীদের ঢল নামে। বিকেলের পরে দেখা দেয় পরিবহন সংকট। এর মধ্যে, বৃষ্টির ভোগান্তি তো আছেই। এতে ঘরমুখী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
উত্তরবঙ্গগামী যাত্রী আবু জাফর বলেন, “দুপুর ১২টায় কারখানা ছুটি হয়েছে। ভেঙে ভেঙে চন্দ্রা পর্যন্ত এসেছি। এখানে যানজট, আবার গাড়িও পাচ্ছি না। কীভাবে বাড়ি যাব সেই ভাবনায় আছি।”
মোসাদ্দেক নামে আরেক যাত্রী বলেন, “সফিপুর ফ্লাইওভার পার হতেই দেড় ঘণ্টা লেগেছে। এখন গাড়ি একদম বন্ধ, কোনো নড়াচড়া নেই। এ অবস্থা কতক্ষণ থাকবে বলতে পারছি না।”
নাওজোড় হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, “ঠিক কতো কিলোমিটার যানজট বলা কঠিন। বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে বাড়ি ফেরায় যানজটের সৃষ্টি হয়েছে। আমরা কাজ করে যাচ্ছি।”
ঢাকা/রেজাউল/রাজীব
দেশে হাম ও হামের উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু