আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররমে
বায়তুল মোকাররম। ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদ জামাত রাজধানী ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। যদি আবহাওয়া অনুকুলে না থাকে তাহলে সেক্ষেত্রে জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররমে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে অনুষ্ঠেয় এই প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
ঈদুল আজহার পবিত্র তাৎপর্য, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী, এমপি ও দেশের শীর্ষপর্যায়ের ব্যক্তিরা জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার কথা রয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজধানীবাসীসহ সব ধর্মপ্রাণ মুসল্লিকে যথাসময়ে জামাতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে জাতীয় ঈদগাহ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, ওযু ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সবাইকে নির্ধারিত সময়ের পূর্বে ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
দেশে হাম ও হামের উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু