ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রাজনৈতিক খেলা চলছে: আসিফ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ২৬ মে ২০২৬   আপডেট: ২১:২৫, ২৬ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রাজনৈতিক খেলা চলছে: আসিফ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “আমরা মনে করি, নির্বাচনের তিন দিন আগে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দিয়ে চুক্তি করিয়ে অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে, এই চুক্তি বর্তমান সরকার করেনি, আগের সরকার করেছে। এটা নিয়ে রাজনৈতিক খেলা চলছে।”

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও সমসাময়িক বিষয় নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, “আমরা শুনেছি যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতেই অন্তর্বর্তী সরকারের কাজ করেছেন। তিনি বিএনপির চুক্তির দায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপিয়ে দেওয়ার জন্য তড়িঘড়ি করে নির্বাচনের তিন দিন আগে চুক্তি করেছেন কি না এমন প্রশ্ন জনমনে রয়েছে।”

আসিফ মাহমুদ বলেন, “আমেরিকার (যুক্তরাষ্ট্রের) সঙ্গে চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। আপনারা বারবার জামায়াত, এনসিপি, অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্যদের ওপর দায় চাপিয়ে দিতে চান, অথচ চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। যখন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়, তখন সেই চুক্তি সম্পর্কে আমার কোনো জানা ছিল না। বলা হয়ে থাকে, চুক্তি করার সময় সব দলকে জানানো হয়েছে। কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। চুক্তির জন্য ৯০ দিনের সময় ছিল, কিন্তু সরকার এক মাসের মধ্যেই এই চুক্তি করেছে। আরও তো দুই মাস বাকি ছিল।”

এনসিপির এই মুখপাত্র বলেন, “তিনি (খলিলুর রহমান) তো বর্তমানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। তার মানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রীই এই চুক্তি করেছেন। এর বাইরে কিছু হয়ে থাকলে চুক্তির যেসব অংশ দেশের স্বার্থের পরিপন্থি, সেগুলো বাদ দিন। বিশ্বের দুটি দেশ আমেরিকার সঙ্গে চুক্তি বাতিল করেছে।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “বিসিবির নির্বাচনে কেউ নিজের যোগ্যতায় কাউন্সিলর হননি। অধিকাংশই পারিবারিক পরিচয়ের ভিত্তিতে এসেছেন। বিএনপি ক্রীড়াঙ্গনকে পরিবারকেন্দ্রিক করে ফেলেছে। তবে অন্তর্বর্তী সরকারের সময় যোগ্য ও দক্ষ ব্যক্তিদের কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।”

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়