ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

এক ওড়নায় ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ১৯ জুন ২০২৬  
এক ওড়নায় ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের তোকিয়া ঢালান এলাকায় নিজ শয়নকক্ষ থেকে এক ওড়নায় ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৯ জুন) বিকেলে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তারা হলেন— তোকিয়া ঢালান এলাকার আনোয়ার হোসেনের ছেলে অটোরিকশাচালক রাকিব হোসেন (২৫) এবং তার স্ত্রী একই এলাকার আজিজুল ইসলামের মেয়ে লিজা খাতুন (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, প্রায় দুই বছর আগে রাকিব ও লিজার বিয়ে হয়। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় একপর্যায়ে তাদের বিচ্ছেদ ঘটে। পরে দুই পরিবারের সমঝোতায় তারা আবার সংসার শুরু করেন।

শুক্রবার জুমার নামাজ শেষে রাকিব বাড়ি ফিরে স্ত্রী লিজার সঙ্গে নিজ ঘরে অবস্থান করছিলেন। পরিবারের সদস্যদের দাবি, অভাব-অনটনকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই কলহ হতো। শুক্রবারেও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিকেলে দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হলে ঘরের দরজা-জানালার ফাঁক দিয়ে তারা দেখেন, শয়নকক্ষের চালের বাঁশের সঙ্গে একটি ওড়না দিয়ে দুজন ঝুলে আছেন।

খবর পেয়ে নাটোর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে, বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। উভয় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুজনের স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

ঢাকা/আরিফুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়