ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত
লেবাননে রাতভর সংঘাত তীব্র আকার ধারণ করার পর, ইসরায়েল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এটি কার্যকর হয়েছে বলে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, “হিজবুল্লাহ ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”
তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতারের আলোচকরা ইরানের সহায়তায় এই চুক্তিটি সম্পন্ন করেছেন।
মার্কিন ওই কর্মকর্তা বলেন, “আমরা জানতে পেরেছি যে, আজ দিনের শুরুতে হওয়া গোলাগুলির পর ইসরায়েল ও হিজবুল্লাহ এখন যুদ্ধবিরতিতে রয়েছে।”
লেবাননে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধের অবসানের জন্য বুধবার স্বাক্ষরিত মার্কিন-ইরান অন্তর্বর্তীকালীন চুক্তিটি চাপের মুখে পড়েছে।
এর আগে হিজবুল্লাহর একজন আইনপ্রণেতা রয়টার্সকে জানিয়েছিলেন, ইরান হিজবুল্লাহকে জানিয়েছে, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়ন ছাড়া ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলতে পারে না।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত রাতে ইসরায়েলি বিমান হামলায় লেবাননে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া, এই যুদ্ধে হিজবুল্লাহর চালানো অন্যতম প্রাণঘাতী এক হামলায় দক্ষিণ লেবাননে চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
ইরান চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্রদের লেবাননসহ সকল রণাঙ্গনে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিতে হবে। এই সপ্তাহের শুরুতে সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমে এলেও, এরপর তা আবার বেড়েছে।
ঢাকা/শাহেদ
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু