পূবাইলে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, মা-বাবা আহত
গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনায় আহত মো. জুয়েল রানা এবং মা সুরাইয়া আক্তার রুপাকে দ্রুত উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্থানীয়রা
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন চামুড্ডা এলাকায় মোটরসাইকেলে ড্রাম ট্রাকের ধাক্কায় সাফওয়ান হোসেন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার মা-বাবা আহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) সকালে ঢাকা বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বগুড়ার শেরপুর থানাধীন বাংড়া এলাকার বাসিন্দা মো. জুয়েল রানা (৩৬) তার স্ত্রী সুরাইয়া আক্তার রুপা (৩০) এবং শিশু সন্তান সাফওয়ান হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে চট্টগ্রামে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা যখন গাজীপুরের পূবাইল এলাকার চামুড্ডা অংশে ঢাকা বাইপাস মহাসড়কে পৌঁছান, তখন একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়েন। এতে শিশু সাফওয়ান গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
দুর্ঘটনায় আহত মো. জুয়েল রানা এবং মা সুরাইয়া আক্তার রুপাকে দ্রুত উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্থানীয়রা। তারা সেখানে চিকিৎসাধীন আছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএসপি) পুবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা/রফিক সরকার/রফিক