ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

একটানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ১৯ জুন ২০২৬   আপডেট: ১৫:২৭, ১৯ জুন ২০২৬
একটানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা

বর্ষার শুরুতেই একনাগাড়ে বৃষ্টিতে কার্যত নাকাল তিলোত্তমা। শুক্রবার (১৯ জুন) ভোর থেকে কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা-সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়। এর জেরে উত্তর থেকে দক্ষিণ- কলকাতার বিভিন্ন এলাকায় এখন পানি থই থই। 

আরো পড়ুন:

সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিটের মতো শহরের ব্যস্ততম এলাকাগুলোর পাশাপাশি সল্টলেক সেক্টর ফাইভের আইটি হাবও পানির তলায়। একই পরিস্থিতি দমদম, বাগুইআটি এবং কৈখালী এলাকাতেও।

বর্ষণমুখর দিনে শহরের এই জলবন্দি দশা ও মন্থর ট্র্যাফিকের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। 

শুক্রবার সকালের বৃষ্টির মাঝেই আলিপুর চিড়িয়াখানার ভেতরের একটি অংশে ড্রেনের পাইপে ফুটো হয়ে পানি জমতে শুরু করে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে পৌঁছে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি চিড়িয়াখানার পরিস্থিতি খতিয়ে দেখেন এবং দ্রুত বৃষ্টির পানি নিষ্কাশন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

কলকাতা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের বিভিন্ন রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি পাম্প করে সরানোর কাজ চলছে।

মন্ত্রী অগ্নিমিত্রা সাধার‌ণ মানুষকে আশ্বস্ত করে জানান, জলাবদ্ধতার কারণে কেউ সমস্যায় পড়লে অবিলম্বে পৌরসভার হেল্পলাইনে নম্বরে ফোন করে জানাতে পারেন। এছাড়াও পৌরসভা ও নগরোন্নয়ন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও সরাসরি অভিযোগ বা সমস্যার কথা জানানো যাবে বলে তিনি উল্লেখ করেন। 

দুর্ভোগ কমাতে সাধারণ মানুষের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন, “কলকাতার যেখানে যেখানে পানি জমেছে, যারা অসুবিধায় পড়ছেন, আপনাদের কাছে যদি আমার নম্বর থাকে তাহলে সরাসরি আমাকে জানান। শুভেন্দু অধিকারীর সরকার সব বিষয়ে তৎপর রয়েছে। যেখানেই সমস্যা হবে, জানলে আমরা নিজেরা সেখানে পৌঁছে যাব।”

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়